গবেষণাপত্রের গুরুত্বপূর্ণ টার্মস ⛔
⛔
DOI (Digital Object Identifier)
DOI হলো একটি স্থায়ী নম্বর, যা প্রতিটি গবেষণা প্রবন্ধকে আলাদা করে চিহ্নিত করে। ধরুন আপনার একটি আর্টিকেল অনলাইনে প্রকাশিত আছে। DOI-এর মাধ্যমে যে কেউ সহজেই তা খুঁজে পেতে পারে। DOI কখনো বদলায় না। প্রকাশনার সময় প্রকাশক সংস্থা যেমন Crossref একটি ইউনিক কোড প্রদান করে। এটি রেফারেন্স ও সাইটেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Editorial Board
Editorial Board হলো জার্নালের দায়িত্বে থাকা অভিজ্ঞ গবেষকদের একটি দল। প্রতিটি জার্নালের জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞ গবেষকগণ থাকেন। অধিকাংশই পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত। পেপার জমা দিলে প্রথমে তারা যাচাই করেন:
পেপারের বিষয় জার্নালের স্কোপে ঠিক আছে কি না
মান যথাযথ কি না।
এরপর তারা উপযুক্ত রিভিউয়ার নির্বাচন করেন।
একটি শক্তিশালী সম্পাদকমণ্ডলী সাধারণত জার্নালের মান সম্পর্কে ইতিবাচক ধারণা দেয়।
Peer Review Mechanism
Peer Review হলো একটি প্রক্রিয়া যেখানে সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ গবেষকরা আপনার লেখা মূল্যায়ন করেন। তারা দেখেন:
মেথডোলজি সঠিক কি না
রেজাল্ট ও ফাইন্ডিংস বৈজ্ঞানিকভাবে গ্রহণযোগ্য কি না
রিসার্চ গ্যাপ পূরণ হয়েছে কি না
নতুনত্ব (novelty) আছে কি না
অনেক সময় লেখক ও রিভিউয়ার কেউ কারও পরিচয় জানেন না; এটিকে Double Blind Review বলা হয়। এতে বিচার প্রক্রিয়া আরও নিরপেক্ষ হয়। বেশিরভাগ মানসম্মত জার্নাল এই পদ্ধতি অনুসরণ করে।
APC (Article Processing Charge)
APC হলো প্রকাশনার জন্য নেওয়া ফি। পেপার এক্সেপ্ট হওয়ার পর এই টাকা দিতে হয়। Open Access জার্নালে APC সাধারণত বেশি হয়।
Open Access vs Subscription
Open Access: যে কেউ ফ্রি পড়তে পারে।
Subscription-based: কিছু প্রকাশনা সংস্থা যেমন Elsevier, Springer–এর অনেক জার্নালে টাকা দিয়ে অ্যাক্সেস নিতে হয়।
Indexing (ইনডেক্সিং)
ইনডেক্সিং মানে হলো জার্নালটি কোনো বড় ও স্বীকৃত ডাটাবেজে তালিকাভুক্ত আছে কি না। উদাহরণ:
Scopus
Web of Science
PubMed
এই ডাটাবেজগুলোতে মানসম্মত জার্নাল ইনডেক্সড হয়। অন্যদিকে Crossref বা Google Scholar–এর মতো ডাটাবেজেও অনেক জার্নাল ইনডেক্সড হয়, কিন্তু সবসময় মান যাচাই করা হয় না।
Impact Factor
Impact Factor (IF) হলো একটি জার্নালের লেখাগুলো গড়ে কতবার অন্যরা সাইটেট করেছে তা পরিমাপের সংখ্যা। এটি প্রকাশ করে Clarivate।
IF-এর মান দিয়ে শুধুমাত্র জার্নালের মান বিচার করা উচিত নয়। কোনো জার্নালের IF ২ হতে পারে, যা হাই-ইনডেক্সড ডাটাবেজে ইনডেক্সড; আবার কোনো জার্নালের IF ৯ হতে পারে, যা লো-ইনডেক্সড ডাটাবেজে ইনডেক্সড। সংখ্যা বেশি হলে সাধারণত বোঝা যায় জার্নালটি প্রভাবশালী, তবে বিষয়ভেদে পার্থক্য থাকে।
Plagiarism Policy
Plagiarism Policy মানে হলো—জার্নাল কীভাবে কপি করা লেখা শনাক্ত করে। বেশিরভাগ ভালো জার্নাল সফটওয়্যার যেমন iThenticate ব্যবহার করে মিল পরীক্ষা করে। যদি দেখা যায় লেখার বড় অংশ অন্য জায়গা থেকে হুবহু নেওয়া, তাহলে পেপার বাতিল হতে পারে। গবেষণায় সততা বজায় রাখার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Publication Ethics
Publication Ethics মানে হলো গবেষণার নৈতিক নিয়মকানুন। অনেক জার্নাল Committee on Publication Ethics (COPE)-এর নীতিমালা অনুসরণ করে। উদাহরণ: Taylor & Francis–এ লেখা সাবমিট করার সময় নিশ্চিত করতে হয় যে পেপারটি আগে কোথাও প্রকাশিত বা সাবমিট করা হয়নি। সাধারণত লো-ইনডেক্সড জার্নালগুলো এই বিষয়টি চায় না।
© দ্বীন সাঈদীন